হ্যান্ডসেট ব্যবসার ইতি টানছে এলজি
স্মার্টফোন ব্যবসার সড়ক থেকে সরে দাঁড়াচ্ছে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স কোম্পানি এলজি ইলেট্রনিক্স। সোমবার প্রতিষ্ঠানটি জানিয়েছে লোকসানের কারণে এই ধরনের সিদ্ধান্ত নিতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, স্মার্টফোন ডিভিশন বন্ধ করে দেওয়ার ইঙ্গিত গত জানুয়ারিতেই দিয়েছিল এলজি। সেই সময় প্রতিষ্ঠানটি জানিয়েছিল গত ছয় বছরে মোট ৪.৫ বিলিয়ন মার্কিন ডলার লোকসানের তথ্য।
এর আগে এই ব্যবসার কিছু অংশ ভিয়েতনামের ভিনগ্রুপকে বিক্রয়ের একটা কথাবার্তা শুরু হয়েছিল তবে শেষ পর্যন্ত মতপার্থক্যের কারণে আলোচনা ভেস্তে যায়।
২০১৩ সালের শুরুতে বিশ্বের তৃতীয় সর্বাধিক স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান হয়ে উঠেছিল এলজি। বর্তমানে প্রতিষ্ঠানটি উত্তর আমেরিকায় ক্রমতালিকায় তিন নম্বর ব্র্যান্ড এবং মার্কেট শেয়ারের ক্ষেত্রে লাতিন আমেরিকার পাঁচ নম্বরে। সারা বিশ্বে এর শেয়ার মাত্র ২ শতাংশ।







